মিয়ানমারে বিক্ষোভে জান্তার গাড়িচাপায় নিহত ৫

মিয়ানমারের ইয়াঙ্গুনে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে দেশটির নিরাপত্তা বাহিনী গাড়ি উঠিয়ে দিয়েছে। এতে নিহত হয়েছে পাঁচজন ও আহত হয়েছে আরও বেশ কয়েকজন। এ ছাড়া ১৫ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইরাবতী।

মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে কমপক্ষে তিনটি বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। তা ছাড়া দেশটির বিভিন্ন অংশে একই ধরনের বিক্ষোভ হয়েছে। দেশটির ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের প্রধান অং সান সু চির বিরুদ্ধে কয়েকটি ফৌজদারি মামলার প্রথমটিতে প্রত্যাশিত রায়ের আগেই এ ঘটনা ঘটল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে বিক্ষোভ শুরু হওয়ার কয়েক মিনিট পরেই তাণ্ডব চালায় সেনাবাহিনী।

এক বিক্ষোভকারী বলেন, ‘আমি ধাক্কা খেয়ে একটি ট্রাকের সামনে পড়ে যাই। এরপর এক সৈনিক তার রাইফেল দিয়ে আমাকে পেটায়। তবে আমি তাকে ধাক্কা দিয়ে নিজেকে রক্ষা করার চেষ্টা করি। তারপর সে আমাকে লক্ষ্য করে গুলি চালায়। সৌভাগ্যবশত আমি পালিয়ে আসতে সক্ষম হয়েছি।’

এদিকে বিরোধীদের ছায়া সরকার বলছে, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের পিষ্ট ও গুলি করে হত্যা করা দেখে কষ্ট পেয়েছি। হামলার পর জান্তাবিরোধী দেশটির জাতীয় ঐক্য সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, আমরা সন্ত্রাসী সামরিক বাহিনীকে কঠোর জবাব দেব।