বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ক্ষমতাসীনদের কটূক্তির কড়া সমালোচনা করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক সমাবেশে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
গয়েশ্বর চন্দ্র বলেছেন, ‘আমাদের আর কথা নয়; এখন থেকে অ্যাকশন। অ্যাকশন অ্যাগেইনস্ট মিডনাইট গভর্নমেন্ট। সারাদেশ গ্রাম-গঞ্জ শহর বন্দর একটি সুর, এ শেখ হাসিনা সরকার ভোট চোর। এ ভোট চোরের বিরুদ্ধে জনগণের লড়াই-এর নেতৃত্ব দিচ্ছে বিএনপি।’
সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে আয়োজিত সমাবেশে তিনি বলেন, ‘আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন, এখনো আপনাদের নেতৃত্বে এলাকার মানুষ ঐক্যবদ্ধ আছে। এসব মানুষদের নিয়ে আপনারা আরও ঐক্যবদ্ধ হোন।’
বিএনপির জ্যেষ্ঠ এ নেতা বলেন, ‘আমরা আবারও ’৯০ এর গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে আরেকটি দৃষ্টান্ত স্থাপন করবো। মিডনাইট এ গভর্নমেন্টকে বিদায় করবো। গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করব দেশবাসীকে মুক্ত করবো।’
তিনি বলেন, ‘উপমহাদেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা বেগম খালেদা জিয়া। মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী, একবার নয় তিনবার। তিনি আলাদা আলাদাভাবে ২৩টি আসনে নির্বাচন করে প্রতিটি আসন থেকে বিজয়ী হয়েছেন।’
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘সেই নেত্রী সম্পর্কে (ক্ষমতাসীন দলের মন্ত্রী-এমপি ও নেতারা) যে ধরনের ঠাট্টা-মশকরা করা হয়, এটা শিষ্টাচারের সঙ্গে তুলনা করা যায় না। এরা বেয়াদব, এদের জবাব মুখে দেওয়া যায় না।’
তিনি আরও বলেন, ‘আপনারা আপনাদের সাহসকে আরও প্রত্যয়ী করেন, নেতাকর্মীদের সঙ্গে আরও ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলুন। এটাই হবে আমাদের আন্দোলনের সফলতার মূলমন্ত্র।’
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের প্রথিতযশা চিকিৎসকরা বলছেন, খালেদা জিয়ার রক্তক্ষরণ হচ্ছে; এ দেশে তার আর কোনো চিকিৎসা নেই। তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। কিন্তু সরকারের মন্ত্রী-এমপিরা তুচ্ছ-তাচ্ছিল্য করছেন।
খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানদের নিয়ে এ সমাবেশের আয়োজন করা হয়।
জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে স্থান পরিবর্তন করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সমাবেশ করা হয়।