যুক্তরাজ্যে এক দিনেই ওমিক্রনের সংক্রমণ ৫০ শতাংশ বেড়েছে। ব্রিটেনে আরও ৮৬ জনের দেহে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। ফলে সেখানে এখন পর্যন্ত ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ২৪৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে বিবিসি। গত শনিবার পর্যন্ত এই সংখ্যা ছিল ১৬০।
ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি (ইউকেএইচএসএ) জানিয়েছে, ব্রিটেনে নতুন করে ৪৩ হাজার ৯৯২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৪ লাখ ৬৪ হাজার ৩৮৯। দেশটিতে নতুন করে একদিনে মারা গেছে আরও ৫৪ জন। ফলে ব্রিটেনে এখন পর্যন্ত মোট প্রাণহানি ঘটেছে ১ লাখ ৪৫ হাজার ৬০৫ জনের। সম্প্রতি ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে যুক্তরাজ্য। ভ্রমণকারীদের যুক্তরাজ্যে ভ্রমণের আগে অবশ্যই করোনা পরীক্ষা করাতে হবে। কর্র্তৃপক্ষ বলছে, করোনাভাইরাসের গতিরোধ করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, মঙ্গলবার থেকে নতুন বিধিনিষেধ জারি হবে। ১২ বছর বা এর বেশি প্রত্যেক ভ্রমণকারীকে অবশ্যই দেশ ছেড়ে যুক্তরাজ্যে ভ্রমণের ৪৮ ঘণ্টা আগে করোনা পরীক্ষা করাতে হবে। বর্তমানে যুক্তরাজ্যে প্রবেশ করা লোকজনকে সেলফ আইসোলেশনে থাকতে হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, সোমবার থেকে নাইজেরিয়াকে রেড লিস্টে আনা হয়েছে।