নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের মধুর প্রতিশোধ নিয়েছে ভারত। মুম্বাই টেস্ট ৩৭২ রানের ব্যবধানে জিতে দুই টেস্টের সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিয়েছে তারা। ওয়াংখেড়েতে গতকাল চতুর্থ দিন ভারত ম্যাচ জিততে সময় নিয়েছে মাত্র ৭৫ বল। প্রতিপক্ষের শেষ ৫ উইকেট জয়ন্ত যাদব ও রবিচন্দ্রন অশ্বিন ভাগ করে নিলে ১৬৭ রানেই গুটিয়ে যায় কিউইরা।
৫৪০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে মাত্র ৫৬.৩ ওভার টিকতে পেরেছে কিউইরা। ৩৭২ রানে জয় টেস্ট ইতিহাসে রানের হিসেবে ভারতের বৃহত্তম জয়। এর আগে ২০১৫ সালে দিল্লি টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৩৩৭ রানে হারিয়েছিল তারা। ম্যাচে ৪ + ৪ = ৮ উইকেট নিয়ে এক পঞ্জিকাবর্ষে চারবার ৫০ বা তার বেশি উইকেট শিকারে হরভজন সিং ও অনিল কুম্বলেকে পেছনে ফেলে ভারতীয় রেকর্ড গড়েছেন রবিচন্দ্রন অশ্বিন।
মুম্বাই টেস্ট জিতে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠে এসেছে ভারত। গতকাল আইসিসি যে ক্রমতালিকা প্রকাশ করেছে, তাতে ভারতের রেটিং পয়েন্ট ১২৪। নিউজিল্যান্ডের ১২১। এর অনেক পেছনে রয়েছে অস্ট্রেলিয়া (১০৮) ও ইংল্যান্ড (১০৭)। দ্বিতীয় টেস্ট জেতার পরে কোহলিদের লক্ষ্য এখন ১৭ ডিসেম্বর থেকে শুরু দক্ষিণ আফ্রিকা সিরিজ জয়। ‘দক্ষিণ আফ্রিকায় আমাদের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। আমরা যে বিদেশের মাটিতেও ভালো করতে পারি, সেটা দেখানোর প্রক্রিয়াটা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ায়। তারপর সেটা আমরা ইংল্যান্ডে এগিয়ে নিয়ে গেছি। আমরা যে পৃথিবীর যেকোনো জায়গায় জিততে পারি, সেই বিশ্বাস আমাদের মধ্যে তৈরি হয়েছে। দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জটা নেওয়ার জন্যও আমরা সবাই প্রস্তুত’Ñ মুম্বাই টেস্ট জয়ের পর বলেছেন কোহলি। নতুন কোচ রাহুল দ্রাবিড়ের জমানা নিয়ে কোহলি বলেছেন, ‘আগের ম্যানেজমেন্ট দুর্দান্ত কাজ করেছে। এবার রাহুল ভাই এসেছে। মানসিকতা কিন্তু একইÑ ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা সবাই ভারতীয় ক্রিকেটের সেবা করার জন্য এসেছি।’
বিরাট কোহলিই বিশ্বের একমাত্র ক্রিকেটার যিনি সব ফরম্যাটে ৫০ ম্যাচ জেতার অনন্য নজির গড়লেন। এ বিষয়ে তিনি বলেন, ‘দলে ফিরেই জেতার একটা আলাদা আনন্দ আছে। প্রথম টেস্ট ম্যাচেও দল ভালো খেলেছে। এবার আরও ভালো খেলল। সবাই নিজেদের আরও একটু মেলে ধরেছে। কোন কোন জায়গায় উন্নতির দরকার ছিল, সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম।’
এদিকে টেস্ট দলের নিয়মিত অনেক সদস্য ছাড়াই নিউজিল্যান্ডকে উড়িয়ে দেওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরে দল নির্বাচনে নির্বাচকদের কঠিন ও মধুর সমস্যায় পড়তে হবে বলে মনে করছেন দ্রাবিড়Ñ ‘শ্রেয়াস আয়ার, মায়াঙ্ক আগরওয়াল, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদবরা খুব ভালো খেলেছে। এরপরে সিনিয়র ক্রিকেটাররা ফিরবে। তখন প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে প্রতিযোগিতা শুরু হবে। তাতে আমাদের হাতে অনেক বেশি বিকল্প থাকবে। এই ধরনের মাথাব্যথা থাকা ভালো। নির্বাচকদেরও দল নির্বাচনের সময় অনেক বেশি চিন্তা করতে হবে।’ দক্ষিণ আফ্রিকা সফরের দলে রোহিত শর্মা ও জাসপ্রিত বুমরাহ ফিরবেন। এছাড়া আজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদেজা আছেন। ইনজুরির কারণে টেস্ট সিরিজ মিস করেছেন লোকেশ রাহুলও। তারা ঢুকলে অক্ষর, শ্রেয়াস এবং মায়াঙ্করা কোথায় খেলবেন সেটাই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন।
ক্যারিয়ারের ৯৭তম ম্যাচে এসে ৫০তম জয়ের দেখা পেলেন বিরাট কোহলি। ওয়ানডেতে ২৫৪ ম্যাচে তিনি জয়ের স্বাদ পেয়েছেন ১৫৩ ম্যাচে। টি-টোয়েন্টিতে ৯৫ ম্যাচে জয় ৫৯টি।