কুলাউড়ায় ৫ কোটি টাকা ব্যয়ে হচ্ছে স্লুইস গেট

মৌলভীবাজারের কুলাউয়ার কাদিপুর ইউনিয়নে ফানাই নদীর পানি কৃষিকাজে ব্যবহারের জন্য স্লুইস গেট নির্মাণ করা হচ্ছে। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য (এমপি) ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদের বরাদ্দ ৫ কোটি ১০ লাখ টাকায় গতকাল সোমবার বিকেলে ‘কৌলারশী উপপ্রকল্পের ১০ ভেন্ট সুøইস গেট নির্মাণকাজের’ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

কুলাউড়া এলজিইডির বাস্তবায়নে এসএসডব্লিউআরডিপি-২ প্রকল্পের আওতায় এ সুøইস গেট নির্মাণ করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ কাজ শেষ হলে উপজেলার কাদিপুর, ভাটেরা, ব্রাহ্মণবাজার, বরমচাল ও ভূকশিমইলসহ পাঁচ ইউনিয়নের কৃষকরা বোরোসহ বিভিন্ন মৌসুমে পানি ব্যবহারের সুবিধা পাবেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা প্রকৌশলী মো. আমিনুল ইসলাম মৃধা, উপসহকারী প্রকৌশলী মো. শরীফুল হক, এমপির প্রতিনিধি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, কুলাউড়া প্রেস ক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, এমপির অফিস সহকারী শেখ রুহেল আহমদ এবং ঠিকাদার মুক্তাদিরুল ইসলাম তুহিন প্রমুখ।