মাত্র তিন মিনিটের জুম কলে সংস্থার ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করে দিলেন নিউইয়র্কের মর্টগেজ সংস্থা বেটার ডটকমের প্রবাসী ভারতীয় সিইও বিশাল গর্গ।
একসঙ্গে ৯০০-র বেশি কর্মীকে ছাঁটাই করা হয়েছে ওই বৈঠকে।
আমেরিকার সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, কয়েক দিনের মধ্যে ছুটির মৌসুম শুরু হবে। তার আগে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকে সংস্থাটি। সময় মতো হাজিরও হয়েছিলেন কর্মীরা। হঠাৎ-ই বৈঠকে যোগ দিয়ে সিইও জানিয়ে দেন, এক সঙ্গে ১৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি।
এভাবে ছাঁটাই করার কারণ হিসেবে বৈঠকে বিশাল বলেন, ‘বাজার দ্রুত বদলাচ্ছে। বাজারে টিকে থাকতেই কোম্পানিকে এই কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছে। এই সিদ্ধান্ত আমার, তাই আমার থেকেই শোনা উচিত ছিল আপনাদের। এই নিয়ে দ্বিতীয়বার কর্মী ছাঁটাই করছি আমি। যা অত্যন্ত কঠিন কাজ।’
‘আমি সত্যিই এটা করতে চাই না। এর আগের বার ভীষণ কেঁদেছিলাম আমি। আশা করছি, এবার শক্ত থাকতে পারব। এই মুহূর্ত থেকে আপনারা এই সংস্থার কর্মী নন।’
ওই জুম কলের ভিডিও ইতিমধ্যেই নেটমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন ছাঁটাই হওয়া কিছু কর্মী।