বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেটে ৩০০ রান তুলে ঢাকা টেস্টের প্রথম ইনিংস ঘোষণা করলো পাকিস্তান।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২ উইকেটে ১৮৮ রান নিয়ে ম্যাচের চতুর্থ দিন খেলতে নামে পাকিস্তান। আজহার আলী ৫২ ও অধিনায়ক বাবর আজম ৭১ রানে দিন শুরু করেন।
টানা বৃষ্টির কারণে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিন মাঠেই বল গড়াতে পারেনি। এর আগে বৃষ্টির কারণে প্রথম দিন ৫৭ ওভার এবং দ্বিতীয় দিন ৬ দশমিক ২ ওভার খেলা হয়। তবে বৃষ্টি না থাকায় চতুর্থ দিনের খেলা সকাল ১০টা ৫০ মিনিটে শুরু হয়।
মঙ্গলবার দিনের দশম বলে আজহার আলীকে শিকার করেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। ১৪৪ বল খেলে ৮টি চারে ৫৬ রান করেন আজহার। প্রথম দিন দলীয় ৭০ রানে দ্বিতীয় উইকেট পতনের পর জুটি বেঁধেছিলেন আজহার ও বাবর। তৃতীয় উইকেটে ১২৩ রান যোগ করেন তারা।
আজহারের ফেরার ১৬ বল পর, বাবরের বিদায় নিশ্চিত করেন আরেক পেসার খালেদ আহমেদ। বাবরকে ব্যক্তিগত ৭৬ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন খালেদ। দুই ম্যাচ ও তিন ইনিংস পর অবশেষে টেস্ট ক্যারিয়ারে প্রথম উইকেটের দেখা পেলেন খালেদ। ১২৬ বল খেলে ৯টি চার ও ১টি ছক্কা মারেন বাবর।
দলীয় ১৯৭ রানে বাবরের বিদায়ের পর দলের হাল ধরে অবিচ্ছিন্ন থেকে প্রথম সেশন শেষ করেন ফাওয়াদ আলম ও উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান। ফাওয়াদ ১৯ ও রিজওয়ান ২৬ রানে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় সেশনে হাফ-সেঞ্চুরি পান ফাওয়াদ ও রিজওয়ান। টেস্ট ক্যারিয়ারে ফাওয়াদ দ্বিতীয় ও রিজওয়ান ষষ্ঠ হাফ-সেঞ্চুরির দেখা পান।
৯৮ দশমিক ৩ ওভারে ৪ উইকেটে ৩০০ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।
এ সময় ফাওয়াদ ৯৬ বলে ৭টি চারে ৫০ রানে অপরাজিত ছিলেন। ৪টি চার ও ১টি ছক্কায় ৯৪ বলে ৫৩ রান করেন রিজওয়ান।
বাংলাদেশের স্পিনার তাইজুল ৭৩ রানে ২টি, এবাদত-খালেদ ১টি করে উইকেট নেন। ১৯ ওভার বল করে ৫২ রানে উইকেটশূন্য ছিলেন সাকিব।
ম্যাচের প্রথম দিন পাকিস্তানের দুই ওপেনার আবিদ আলী ৩৯ ও আব্দুল্লাহ শফিক ২৫ রানে আউট হন।