৩০ সেকেন্ডের জন্য হলেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান মাহি

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অডিও ফাঁস হওয়ার পর থেকেই আলোচনায় রয়েছেন মাহি। এর আগে একটি ভিডিও বার্তায় মাহি নিজের অবস্থান পরিস্কার করেছেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে জানালেন তিনি ৩০ সেকেন্ডর জন্য হলেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান।

বর্তমানে মাহি ওমরাহ পালনে সৌদি আরব আছেন। জানালেন দেশে ফিরেই তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চান। মঙ্গলবার বিকেলে মাহি ফেসবুকে বলেন, ‘ওমরাহ থেকে ফিরেই আমার প্রথম এবং একমাত্র চাওয়া আমি আমাদের সবার অভিভাবক, আমাদের মমতাময়ী মা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এর সাথে ৩০ সেকেন্ডের জন্য হলেও দেখা করতে চাই। অনেক কিছু বলার আছে। এই মনোবাসনা নিয়েই আমি মক্কা ত্যাগ করবো। আমার বিশ্বাস এই চাওয়া ব্যর্থ হবে না।’

 

এর আগে ভিডিও বার্তায় মাহি বলেন, ‘আমার আসলে সেদিন বলার কোনো ভাষা ছিল না। সে জন্য আমি প্রতিবাদ করিনি। আমি নিজের মতো আমার মনে হয়েছে, আমার পাশ কাটিয়ে যাওয়া উচিত। আমি চুপ থেকেছি, পাশ কাটিয়ে গিয়েছি।’

মাহি ভিডিও বার্তায় দাবি করেন, সদ্য পদত্যাগ করা প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে দুই বছর আগে তার ফোনালাপ হয়েছিল। সে ঘটনা নিয়ে তিনি আরো বলেন, ‘অডিওটা নিয়ে সেদিনও ভীষণ বিব্রত ছিলাম। নিজের আত্মসম্মানবোধ কতটুকু আঘাত লেগেছে সেটা শুধু আমি জানি, আমার আল্লাহ জানে। আজকেও আমি ভীষণভাবে বিব্রত। আরও একবার নিজের কাছে নিজে তো ছোট হয়েছি। দেশবাসীর কাছে আরও একবার ছোট হলাম। আপনারা নিজে থেকে চিন্তা করে দেখবেন, এই ভাষার প্রত্যুত্তর আমার আসলে কী দেওয়া উচিৎ ছিল।’মাহি বলেন, ‘আল্লাহ সাক্ষী, আমার কোনো দোষ ছিল না। আমি জাস্ট একটা পরিস্থিতির শিকার ছিলাম।’