সংযুক্ত আরব আমিরাতে সমস্ত সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য কর্মদিবস নির্ধারণ করা হয়েছে সপ্তাহে সাড়ে ৪ দিন। আর ছুটি থাকবে আড়াই দিন। শুক্রবার বিকেল, শনিবার এবং রবিবার থাকবে ছুটির দিন।
মঙ্গলবার আরব আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এই খবর দিয়েছে। আগামী বছরের প্রথম দিন থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে। ইউরোপ-আমেরিকার সঙ্গে তাল মেলানোর জন্যই এই পদক্ষেপ নিচ্ছে দেশটি।
সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে সাপ্তাহিক ছুটি রয়েছে শুক্রবার ও শনিবার।
আবুধাবির সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে বলেছে, ‘অর্থনৈতিক ও ব্যবসায়িক খাতে বৈশ্বিক প্রতিযোগিতা বাড়ানো এবং বৈশ্বিক উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে’।
নতুন নিয়মে, কর্মীদের সোম থেকে বৃহস্পতিবার প্রতিদিন আট ঘণ্টা করে কাজ করতে হবে। তবে শুক্রবারে শুধুমাত্র ৪.৫ ঘণ্টা কাজ করলেই চলবে।
সরকারি কর্মচারীদের শুক্রবার ‘অল্প কাজ বা বাড়ি থেকে কাজের বিকল্প’ বেছে নেওয়ার অনুমতি দেওয়া হবে।
শুক্রবার দুপুর ১ টা ১৫ মিনিটে জুমার খুতবা ও নামাজ অনুষ্ঠিত হবে।
মুসলিমপ্রধান দেশগুলোতে শুক্রবার সাধারণত সপ্তাহের পবিত্রতম দিন হিসেবে বিবেচিত হয়। আরব আমিরাতের প্রতিবেশী কয়েকটি দেশে জুমার নামাজ শেষ হওয়ার আগে দোকান-পাট খোলাও নিষিদ্ধ।
বেসরকারি খাতের বা বিদ্যালয়ের কর্মীদের ক্ষেত্রেও নতুন নিয়ম প্রযোজ্য হবে কিনা তা বলা হয়নি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামনে আরও বিশদভাবে বিষয়টি জানানো হবে বলে আশা করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে বেসরকারি খাত এবং বিদ্যালয়গুলোও সরকারি এই নিয়মের অনুসরণ করবে, যেমনটি তারা ২০০৬ সালেও করেছিল। সেসময় শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কর্ম সপ্তাহ নির্ধারণ করা হয়েছিল। ইরান এবং আফগানিস্তানের মতো কিছু মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশে শনিবার থেকে বৃহস্পতিবার কর্ম সপ্তাহ মেনে চলা হয়।
বিদেশি বিনিয়োগ এবং প্রতিভার কাছে তার অর্থনীতিকে আরও আকর্ষণীয় করার জন্য সংযুক্ত আরব আমিরাত বিগত বছরে দীর্ঘমেয়াদি ভিসা প্রবর্তন সহ নানা পদক্ষেপ নিয়েছে। বিয়ের আগে একত্র বাস সংক্রান্ত আইন, মদপান এবং ব্যক্তিগত মর্যাদা সংক্রান্ত আইনও সংশোধন করেছে দেশটি।