নৌকার প্রচারে হামলা মোটরসাইকেলে অগ্নিসংযোগ

ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন ৩ জন। ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে অন্তত ৩টি মোটরসাইকেল। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বিকেলে সারুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুনের কয়েকজন সমর্থক নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালিয়ে তাদের মারধর করে। হামলাকারীরা ৩টি মোটরসাইকেল ভাঙচুর করে পুড়িয়ে দিয়ে পালিয়ে যায়।

নৌকার প্রার্থী মাহমুদুল হাসান মামুন বলেন, ‘প্রতিপক্ষ জুলফিকার কাইসার টিপুর ক্যাডার বাহিনী আমার সমর্থকদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ৩টি মোটরসাইকেল ভাঙচুর করে পুড়িয়ে দেয়।’

পাল্টা অভিযোগ করে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী জুলফিকার কাইসার টিপু বলেন, ‘নৌকার প্রার্থী মাহমুদুল হাসান মামুনের লোকজন আমার অফিসে এসে হামলা চালিয়েছে। সে সময় আমার ২টি মোটরসাইকেল ভাঙচুর করে।’