খালেদার নাইকো দুর্নীতি মামলায় চার্জ শুনানি ফের পেছাল

নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পিছিয়ে আগামী বছরের ১৮ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকা ৯-এর বিশেষ জজ শেখ হাফিজুর রহমানের আদালতে খালেদার নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়া অসুস্থ থাকায় তার পক্ষে নিয়োজিত আইনজীবী সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করে ১৮ জানুয়ারি দিন ধার্য করে।

এ মামলায় পলাতক রয়েছেন আরও তিন আসামি। তারা হলেন সাবেক মুখ্য সচিব কামাল উদ্দিন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। মামলার ১১ আসামির মধ্যে সাবেক সচিব শফিউর রহমান ২০১৮ সালের ৫ মে মারা যান এবং গত মার্চ মাসে সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। বর্তমানে আসামির সংখ্যা ৯ জন।