মেয়র আতিক বললেন

মশক নিধনে এক সপ্তাহের অভিযান শুরু হবে

কিউলেক্স মশক নিধনে ২২ থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানের নগর ভবনে ডিএনসিসির আওতাধীন বিভিন্ন সংস্থা ও দপ্তরপ্রধানদের নিয়ে আয়োজিত মশক নিয়ন্ত্রণসংক্রান্ত সভায় সভাপতির বক্তৃতায় ডিএনসিসি মেয়র এ কথা বলেন।

তিনি বলেন, ডিএনসিসি এলাকায় ইতিমধ্যে চিহ্নিত কিউলেক্স মশার ৯২৫টি হটস্পটের উল্লেখযোগ্য সংখ্যকই রাজউক, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সংস্থা ও দপ্তরের আওতাভুক্ত হওয়ায় সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত কিংবা ব্যক্তিগত সবাইকে মশক নিধনে এগিয়ে আসতে হবে।

মো. আতিকুল ইসলাম বলেন, কারও একার পক্ষেই মশা দূর করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তার নিয়ন্ত্রণ করতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, নিজেদের সুস্থতার জন্যই লজ্জা পরিহার করে সবাই মিলে ‘১০টায় ১০ মিনিট প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ সেøাগানটি বাস্তবায়নের মাধ্যমে চলমান সামাজিক আন্দোলনকে সফল করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাকে দখল, দূষণ ও দুষ্টলোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ, সুন্দর ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।