জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীদের সব ইউনিটের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার বিভিন্ন বিভাগের নির্ধারিত আসনে ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়।
মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির সপ্তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এই মেধাতালিকা প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় কোষাধ্যক্ষ কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, পরিচালক (ছাত্রকল্যাণ), পরিচালক (আইসিটি) ও প্রক্টরসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর সূত্রে জানা যায়, ইউনিট ভিত্তিক এ ইউনিটে ২৩ হাজার ৯৫৫ জন, বি ইউনিটে ৯ হাজার ৯৪০ জন এবং সি ইউনিটে ৭ হাজার ৭৬২ জন ভর্তিচ্ছু আবেদনকারী শিক্ষার্থীদের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ বছর জবিতে মোট ২ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
এছাড়াও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গুচ্ছ ভুক্ত ২০টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে এবং ২০১৭ বা ২০১৮ সালে এসএসসি বা সমমান এবং ২০২০ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছেন।
এ বছর জবিতে মোট ২ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে। এর মধ্যে বিজ্ঞান এবং লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত বিজ্ঞান বিভাগের এ ইউনিটের ১৩টি বিভাগে মোট ৮২৫ জন; কলা, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেসভুক্ত মানবিক বিভাগের বি ইউনিটে দুই ইনস্টিটিউট ও ১৫ বিভাগে মোট ১ হাজার ২৭০ জন; বিজনেস স্টাডিজ অনুষদের চার বিভাগে মোট ৫২০ জন এবং বিশেষায়িত চার বিভাগে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে।
ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও মেধা তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.jnu.ac.bd/adn2021 ও www.jnu.ac.bd এই ঠিকানায় পাওয়া যাবে।