ফিফটি হাতছাড়া লিটনের, দলীয় শতক বাংলাদেশের

দলের দুঃসময়ে ভরসা হয়ে উঠেছিল লিটন দাসের ব্যাট। কিন্তু আশা জাগিয়েও ফিরলেন তিনি। সাজিদ খানের বলে ফাওয়াদ আলমের হাতে বন্দী হন এই উইকেটরক্ষক।

সাজঘরে ফেরার আগে ৮১ বলে ৭ চারে ৪৫ রান করেছেন লিটন। বাংলাদেশ ২৫ রানে টপ-অর্ডারের ৪ উইকেট হারানোর পর মুশফিকুর রহিমের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ১০২ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মুশফিক (২৫) ও সাকিব আল হাসান (৩)।

স্বাগতিকেরা এখনো পিছিয়ে আছে ১১১ রানে। ২১৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ।

প্রথম ইনিংসে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে টাইগাররা। ঢাকা টেস্টের পঞ্চম ও শেষ টেস্টের প্রথম সেশনে ৭ উইকেট হারায় স্বাগতিকেরা।

প্রথম ইনিংসের শেষ উইকেট হিসেবে সাকিবকে সাজঘরে ফেরান সাজিদ খান। ৪২ রান দিয়ে একাই ৮ উইকেট নিয়েছেন পাকিস্তানি স্পিনার।

৭ উইকেটে ৭৬ রানে পঞ্চম ও শেষদিন শুরু করে বাংলাদেশ। তার সঙ্গে ১১ রান যোগ হতেই শেষ হয়ে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস।

ঘরের মাটিতে ৮৭ রানই টেস্টের এক ইনিংসে বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। মিরপুরে এর আগেও ৮৭ রানে অলআউট হয়েছিল টাইগাররা, ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ঢাকা টেস্টের দ্বিতীয় ও তৃতীয়দিন চলে গেছে বৃষ্টির পেটে। তারপরও হারের সম্মুখে বাংলাদেশ। চতুর্থদিনে এসে ৪ উইকেটে ৩০০ রান নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান।