পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে সাকিব আল হাসান ঠিকই একটি বিশ্ব রেকর্ড গড়েছেন। দ্রুততম সময়ে টেস্ট ক্রিকেটে ৪ হাজার রান ও ২০০ উইকেট শিকারে বাংলাদেশি অলরাউন্ডার এখন সবার ওপরে।
হ্যামস্ট্রিংয়ের চোটে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝপথেই ছিটকে যাওয়া সাকিব পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট খেলতে পারেননি। এর আগে টি-টোয়েন্টি সিরিজও মিস করেন তিনি।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ৩৩ রান করেছিলেন সাকিব। দ্বিতীয় ইনিংসে যখন ব্যাটিং শুরু করেন, ল্যান্ডমার্ক থেকে তখন ৩৪ রান দূরে ছিলেন। ইনিংসের ৫৬তম ওভারে সাজিদ খানকে বাউন্ডারি হাঁকিয়ে সাকিব সেই ল্যান্ডমার্কে পৌঁছান। শেষ পর্যন্ত যিনি ৬৩ রানে থামেন।
টেস্টে একই সঙ্গে ৪ হাজার রান ও ২০০ উইকেটের কীর্তি রয়েছে স্যার গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, কপিল দেব, জ্যাক ক্যালিস এবং ড্যানিয়েল ভেট্টরির।
দ্রুততম সময়ে অনন্য এই ডাবলের রেকর্ডটি এত দিন ছিল ইয়ান বোথামের। তার লেগেছিল ৬৯ টেস্ট। সাকিব ১০ টেস্ট কম সময় নিলেন।
৫৯ টেস্টে সাকিবের নামের পাশে এখন ৪০২৯ রান। উইকেট ২১৫টি, যা সোবার্সের চেয়ে ২০ উইকেট কম।
তবে সাকিবের রেকর্ডের দিনে ম্যাচটা ইনিংস ও ৮ রানে হেরে যায় বাংলাদেশ। সেই সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়।
আরো পড়ুন