বলাৎকারের চেষ্টার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের মসজিদের পেশ ইমাম শহিদুল ইসলামকে গণপিটুনি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ইমাম শহিদুল ইসলাম চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাসিন্দা। এর আগে আবাসিক হল এ এফ রহমানে হলের ইমামের দায়িত্বে থাকাকালীনও শহিদুলের বিরুদ্ধে ছাত্রদের যৌন হয়রানি অভিযোগ ওঠে। এ ছাড়া মাদক সেবন, নামাজে ভুলভাবে সুরা উচ্চারণসহ শিক্ষার্থীদের সঙ্গে গন্ডগোলের কারণে এ এফ রহমান হল মসজিদ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়।
জানা যায়, বুধবার ফরেস্ট্রি ইনস্টিটিউটের ক্যানটিন থেকে ক্যানটিনের এক বালককে বাগানের ভেতর বলাৎকারের উদ্দেশ্যে নিয়ে যায় শহিদুল। কিছুক্ষণ পর বালকটি চিৎকার করলে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র হাতেনাতে শহিদুলকে আটক করে। পরবর্তীতে উপস্থিত কয়েকজন ছাত্র শহিদুলকে মারধর করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বলাৎকারের চেষ্টার বিষয়টি স্বীকার করেছেন।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. কবির হোসেন বলেন, শহিদুল এখন পুলিশ হেফাজতে আছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।