পুরোনো চরিত্র, নতুন গল্পে ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ফ্যামিলি ক্রাইসিস’। চলতি বছরের শুরুতে শেষ হওয়া নাটকটির পরের কিস্তির শুটিং শুরু হলো বৃহস্পতিবার।

বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা রাজ।  জানান, চরিত্রগুলো পুরোনো নামে ফিরলেও নতুন গল্প ও নতুন ‘ক্রাইসিস’ নিয়ে আসছে ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’।

এবারের সিরিজের বেশির ভাগ অভিনেতাই আগের কিস্তি থকে আসা।

তিনি বলেন, দর্শকদের চেনা ‘ফ্যামিলি ক্রাইসিস’-এর গল্পের সঙ্গে এবারের গল্পের কোনো মিল থাকছে না। তাদের জন্য আশার ব্যাপার হলো, ‘ফ্যামিলি ক্রাইসিস’ সিরিয়ালের ৯০ ভাগ অভিনয়শিল্পী এবারও আছেন। দর্শকেরা যেসব নামে তাদের চেনেন, একই নামেই তারা ফিরছেন। সেই সঙ্গে কিছু নতুন অভিনয়শিল্পী যোগ হচ্ছে।

এবারের সিরিয়ালে একটা টাইটেল ট্র্যাক আছে জনি হকের কথায়, নাভেদ পারভেজ এর সুর ও সংগীতে এবং ন্যানসির কণ্ঠে।

গল্প প্রসঙ্গে রাজ বলেন, গল্পটা আমাদের আশপাশের। বলা যায়, আমাদের চারপাশের দৈনন্দিন দেখা জীবন। আমি-আপনি আমরা সবাই যেসব জীবন দেখে দিন কাটাই, তেমন গল্পই বলবো। একটি পরিবারের প্রতিদিনের ঘটে যাওয়ার হাসি কান্না ও আনন্দের গল্প!

‘ফ্যামিলি ক্রাইসিস’ নাটকে আগে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছিলেন শর্মিলী আহমেদ, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, সোহেল খান, মুকিত জাকারিয়া, শবনম ফারিয়া, তামিম মৃধা, রাইসা প্রমুখ। দেখার বিষয় তাদের মাঝে কে কে ফিরে আসেন।