চট্টগ্রামের চশমা খালে নিখোঁজ শিশুর মরদেহ মিলল মির্জা খালে

চট্টগ্রাম নগরের চশমা খালে পড়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. কামাল উদ্দিনের (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরের মির্জা খালের শুকলবহর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সকাল থেকে টানা তৃতীয় দিনের মতো তল্লাশি শুরু করে তারা। প্রথম দুই দিন চশমা খাল ও এর সঙ্গে যুক্ত নালায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়। আজ এ খাল ও নালার সঙ্গে যুক্ত মির্জা খালও পর্যবেক্ষণের আওতায় আনে ফায়ার সার্ভিস।

উদ্ধার কার্যক্রমে থাকা ফায়ার সার্ভিসের পরিদর্শক রবিউল আজম কামাল উদ্দিনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

গত সোমবার

গত সোমবার দুপুরে দুই শিশু ওই এলাকায় খেলছিল। একপর্যায়ে বিকেল সাড়ে ৪টার দিকে তারা রাস্তার পাশের ড্রেনে পড়ে যায়। একজন শেষ পর্যন্ত ড্রেন থেকে উঠে আসতে পারলেও কামাল ড্রেন থেকে বের হতে না পেরে নিখোঁজ হয়।

খবর পেয়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। আজ বিকেলে তারা ফায়ার সার্ভিসকে খবর দিলে সংস্থার ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেন।

কামালের সঙ্গে ড্রেনে পড়ে যাওয়া রাকিব জানায়, তারা দুজন সেখানে খেলছিল। সে সময় ড্রেন থেকে কিছু একটা তোলার চেষ্টা করলে দুজনেই সেখানে পড়ে যায়। রাকিব কোনোভাবে ড্রেন থেকে উঠে আসতে পারলেও কামাল পারেনি।

এর আগে চলতি বছরে চবির এক শিক্ষার্থীসহ দুইজন ড্রেনে পড়ে নিখোঁজ হন।