নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, বাংলাদেশ সরকারের উচিত নিরাপত্তা বাহিনীর মাধ্যমে যারা গুম হয়েছেন, তাদের বর্তমান অবস্থান সম্পর্কে তথ্য প্রকাশ করে পরিবার-পরিজনদের মানসিক যন্ত্রণা থেকে উদ্ধার করা।
শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এ বিবৃতি প্রকাশ করেছে সংস্থাটি।
বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০০৯ থেকে বাংলাদেশে গুমের শিকার হয়েছে এবং এখনো নিখোঁজ আছে এমন ৮৬ জনের ঘটনা নথিভুক্ত করেছে এইচআরডব্লিউ। তবে গুমের সঙ্গে আইনপ্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীর জড়িত থাকার বিষয়টি বারবার অস্বীকার করেছে বাংলাদেশ সরকার।
এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, বাংলাদেশ সরকারের উচিত এখনো নিখোঁজ থাকা ও গুম হওয়া মানুষদের খুঁজে বের করার জন্য একটি স্বাধীন ও আন্তর্জাতিক তদন্ত প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করা।
তিনি বলেন, এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের একমাত্র উপায় হচ্ছে নিখোঁজ ব্যক্তিদের পরিণতি সম্পর্কে তাদের পরিবারকে জানানো এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা।
বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা, দাতা সংস্থা ও বাণিজ্যিক অংশীদারদের উচিত বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে চাপ প্রয়োগ করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, তা নিশ্চিত করা।