বঙ্গমাতার নামে হচ্ছে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণ

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’ নামকরণের অনুমতি দিয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।

বৃহস্পতিবার ট্রাস্টের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে এ বিশ্ববিদ্যালয়ের নামকরণের অনুমতি প্রদান করেন।

গত ২৮ নভেম্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’র সদস্য সচিব বরাবর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের আবেদন করেছিলেন।

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সিলেট’ নামকরণের বিষয়টি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত হওয়ায় ট্রাস্টের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী। সেই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন উপাচার্য।

গত ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী বঙ্গমাতার নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণের প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়।

এর আগে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেছা মুজিবের নামে নামকরণের প্রস্তাব করেন। এরপর এই দাবির সাথে একমত পোষণ করে আধাসরকারিপত্র (ডিও) দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি।