একটি-দুটি নয় ১৪টি নো বল করেছেন বেন স্টোকস ! তবে আম্পায়ার তাকে ‘নো বল’ কল করেছেন মাত্র ২ বার। আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মাত্র একটি ‘নো বল’ ধরতে না পারাই চরম ব্যর্থতা। সেখানে এক সেশনেই বেন স্টোকসের ১৪ বার ‘ওভারস্টেপ’ করা কীভাবে আম্পায়ারের চোখ এড়িয়ে গেল তা নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে। ব্রিসবেন টেস্টে মাঠে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করছেন পল রেইফেল ও রড টাকার। টিভি আম্পায়ার হিসেবে আছেন পল উইলসন।
অ্যাশেজ সিরিজের ব্রিজবেন টেস্টের দ্বিতীয় দিনে এমন ‘বিরল’ ঘটনা ধরা পড়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম ‘চ্যানেল সেভেনে’র ক্যামেরায়। চ্যানেলটির প্রতিবেদনে বলা হয়, ‘স্টোকসের প্রথম ৫ ওভারে ১৪ বার ‘ওভারস্টেপের’ ঘটনাটি ধরেছেন চ্যানেল সেভেনের ট্রেন্ট কোপল্যান্ড।’ বল করতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলেই ডেভিড ওয়ার্নারকে বোল্ড করেন স্টোকস। তার পরেই তৃতীয় আম্পায়ার রিপ্লে-তে ধরা পড়ে নো-বল। ফলে বেঁচে যান ওয়ার্নার (১৭ রানে ব্যাট করছিলেন)। এই ঘটনার পরেই টেলিভিশন রিপ্লে-তে দেখা যায় সেই ওভারের আগের তিনটি বলও নো-বল করেছেন তিনি। ঘটনা এখানেই শেষ নয়। চ্যানেল সেভেনের ভিডিওতে দেখানো হয়, স্টোকস প্রথম সেশনে এমন ১৪টি ‘ওভারস্টেপ’ ডেলিভারি করেছেন। যার মধ্যে ১২টি ডেলিভারি চোখ এড়িয়ে গেছে। এরপরই প্রশ্ন উঠছে, প্রথম দিন অস্ট্রেলিয়ান বোলাররা যে ৫০.১ ওভার বোলিং করেছেন তাতে কি একটাও নো বল ছিল না? স্বাগতিক বোলাররা একটি ওয়াইড বল করেছেন। কোনো নো বল করেননি। নাকি প্রযুক্তিতে ধরা পড়েনি? অস্ট্রেলিয়ার সংবাদকর্মী ও ধারাভাষ্যকার অ্যালিসন মিচেল চ্যানেল সেভেনকে বলেন, ‘এই টেস্ট শুরুর আগে আইসিসিকে যে প্রযুক্তি সরবরাহ করা হয়েছে, তা ঠিকমতো কাজ করেনি। অর্থাৎ এই টেস্ট ম্যাচ ২০২০ সালের আগের কন্ডিশনে খেলা হচ্ছে, যেখানে শুধু উইকেট নেওয়ার ডেলিভারিতেই দেখা হতো বোলারের পা দাগ পেরিয়ে গেছে কি না।’
হেডের সেঞ্চুরি : ব্রিজবেন টেস্টে ইংল্যান্ড মাত্র ১৪৭ রানে অল আউট হয়েছিল। গতকাল মাত্র ৮৫ বলে সেঞ্চুরি করেছেন ট্রাভিস হেড। প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার রান ৭ উইকেটে ৩৪৩। ইংল্যান্ডের চেয়ে ৩ উইকেট হাতে নিয়ে ১৯৬ রানে এগিয়ে গেছে অস্ট্রেলিয়া। ৯৫ বলে হেড ১১২ রানে অপরাজিত ছিলেন।