এক দিন বিরতি দিয়ে আজ থেকে শুরু হয়ে যাচ্ছে স্বাধীনতা কাপের নকআউট পর্ব। কমলাপুর স্টেডিয়ামে আজ হবে দুটি কোয়ার্টার ফাইনাল। সন্ধ্যা সাড়ে ৫টায় শুরু হতে যাওয়া প্রথম কোয়ার্টার ফাইনালে শক্তিশালী আবাহনীর মুখোমুখি হতে হবে চমকে দেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর। আর দ্বিতীয়টিতে সাইফ স্পোর্টং ক্লাব নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের বিপক্ষে লড়বে।
দুই জয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়ে শেষ আটে উঠে আসে আবাহনী। স্বাধীনতা ও রহমতগঞ্জকে হারায় তারা। গ্রুপের অপর ম্যাচে স্বাধীনতা রহমতগঞ্জকে হারিয়ে উঠে আসে শেষ আটে। সেমিফাইনালের পথে আবাহনীর বাধা সেনাবাহিনী রীতিমতো অঘটন ঘটিয়ে সি গ্রুপ রানার্স-আপ হিসেবে উঠে আসে শেষ আটে। গ্রুপসেরা সাইফের কাছে হেরে অভিযান শুরু করা সেনাবাহিনী দ্বিতীয় ম্যাচে ২-১ গোলে হারায় এই আসরের সবচেয়ে সফল দল মোহামেডানকে। এরপর শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার সঙ্গে ১-১ ড্র করে। সেনাবাহিনী ও মোহামেডান সমান পয়েন্ট নিয়ে শেষ করলেও হেড-টু-হেডে এগিয়ে যাওয়ায় শেষ আটের টিকিট পায় সেনাবাহিনী। একজন মাত্র পেশাদার ফুটবলার নিয়ে গড়া সেনাবাহিনীকে পেয়ে তাই খুব বেশি নির্ভার থাকার সুযোগ নেই আবাহনীর। ১৯৯০ সালে একবারই স্বাধীনতা কাপ জয়ী আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমসও শিষ্যদের থাকতে বলছেন সতর্ক। ক্লান্তি ও ভয়ডরহীন ফুটবল খেলে সেনাবাহিনী এর মধ্যেই পরিণত হয়েছে সমীহ জাগানিয়া দলে। এমন দলকে রুখতে স্বাভাবিকভাবেই আবাহনীকে তাকিয়ে থাকতে হচ্ছে তাদের বিদেশিদের দিকে। গ্রুপের দুম্যাচেই অসাধারণ ফুটবল খেলেছেন ব্রাজিলিয়ান প্লে-মেকার রাফায়েল আগুস্তো। গোল পাওয়ার পাশাপাশি করিয়েছেনও। তবে সেরা রিক্রুট কোস্টারিকান বিশ্বকাপ তারকা দানিয়েল কলিনদ্রেস দুম্যাচেই ঝলক দেখালেও এখনো প্রতিপক্ষের জাল খুঁজে পাননি। তবে শেষ ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে জোড়া গোল করে আস্থা অর্জন করেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজ। আবাহনীর ডিফেন্সের নেতৃত্বে আছেন ইরানি সেন্টারব্যাক মিলাদ শেখ সুলেমানি। তবে আরেক সেন্টারব্যাক টুটুল হোসেন বাদশার গত ম্যাচের যাচ্ছেতাই পারফরম্যান্স স্বাভাবিকভাবেই ভাবাচ্ছে মারিও লেমসকে। সেনাবাহিনীর একমাত্র পেশাদার ফুটবলার মেহেদী হাসান গোল পেয়েছেন প্রথম ম্যাচে। এ ছাড়া দলটির হয়ে বাকি দুম্যাচে গোল করেছেন রঞ্জু, ইমন ও সামিউল। তাদের রুখতেও নিজের রক্ষণ নিরেট রাখাও জরুরি আবাহনী কোচের জন্য।
‘সি’ গ্রুপ সেরা সাইফের জন্য স্বাধীনতা কেএস বড় চ্যালেঞ্জ নিয়ে হাজির হতে পারে অপর ম্যাচে। সেনাবাহিনী ও মুক্তিযোদ্ধাকে হারানোর পর সাইফ শেষ ম্যাচে ড্র করে মোহামেডানের সঙ্গে। অন্যদিকে এ গ্রুপ রানার্সআপ স্বাধীনতা রহমতগঞ্জকে হারিয়ে উঠে আসে শেষ আটে। ম্যাচটি শুরু হবে রাত আটটায়। আজকের দু’ম্যাচের বিজয়ী ১৪ ডিসেম্বর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে একে অপরের।