নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় ১১ দফা দাবিতে রাজধানীতে লিফলেট বিলি করেছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার রামপুরায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ লিফলেট বিলি করেন। আন্দোলনের খরচ জোগাতে এ সময় সর্বসাধারণের কাছে অর্থ সহায়তাও চেয়েছেন তারা। এছাড়া আজ শুক্রবার বিরতি দিয়ে আগামীকাল শনিবার বেলা ৩টায় নিরাপদ সড়কের দাবিতে রামপুরা ব্রিজের কাছে ছাত্র-শিক্ষক-শ্রমিক ও অভিভাবক সংহতি সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতৃত্বদানকারী খিলগাঁও মডেল কলেজ শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ‘আমরা ১১ দফা দাবির লিফলেট নিয়ে জনগণের মাঝে যাব। এছাড়া লিফলেট, পোস্টার ছাপাতে যে ব্যয় সেটি সংকুলানে জনগণের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হবে।’
এদিনের কর্মসূচিতে খিলগাঁও মডেল কলেজ, দক্ষিণ বনশ্রী মডেল স্কুল অ্যান্ড কলেজ, সিটি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, রামপুরা একরামুন্নেসা উচ্চ বালক বিদ্যালয়, আল ফোরকান ইংলিশ হাই স্কুল অ্যান্ড গার্লস কলেজ, খিলগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, রামপুরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছিল বলে জানান সোহাগী সামিয়া।
রামপুরা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. রায়হান বলে, ‘হাফ পাস (অর্ধেক ভাড়া) অনেকে (অনেক বাস) নেয়, অনেকে নেয় না। (শিক্ষার্থী) মাইনুদ্দিন ভাই মারা যাওয়ার পর থেকেই আন্দোলনে আছি আমরা।’
সম্প্রতি ঢাকার সড়কে তিন শিক্ষার্থী নিহত হয়। নোয়াখালীতে নিহত হয়েছে আরও একজন। গত ২৪ নভেম্বর নটর ডেম শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন তীব্র আকার ধারণ করে।