আগামী ডিসেম্বরে উত্তরা-আগারগাঁও মেট্রোরেল: ট্রেন থেকে নামলে বিআরটিসি বাস

ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেছেন, আগামী বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশের প্রথম এই মেট্রোলাইনটি (এমআরটি-৬) সাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এতে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করতে পারবে মানুষ।

ঢাকার প্রথম মেট্রোরেলের পরীক্ষামূলক যাত্রা নিয়ে বৃহস্পতিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ আশাবাদ প্রকাশ করেন তিনি।
দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত মূল লাইনের কাজ শেষ হওয়ায় রোববার ওই লাইনে পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে।

উত্তরা বা আগারগাঁওয়ে নেমে মানুষের যাতায়াতের জন্য কী ব্যবস্থা থাকবে- জানতে চাইলে ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রাথমিকভাবে হিসাব করা হচ্ছে, একটা মেট্রোতে আগারগাঁও বা উত্তরায় নামবে প্রায় দুইশর মতো যাত্রী। সেই হিসেবে একসঙ্গে তিন থেকে চারটা বিআরটিসির বাস দাঁড়াতে বলা হয়েছে। একটা ট্রেনের যাত্রীদের নিয়ে ওই বাসগুলো একসঙ্গে ছেড়ে যাবে। এরপর আরও বাস আসবে।

আগারগাঁও থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত অংশের অগ্রগতি জানতে চাইলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বলেন, ২০২৩ সালের ডিসেম্বরে আমরা মতিঝিল পর্যন্ত যাত্রীদের জন্য চালু করতে পারব। কমলাপুর পর্যন্ত অংশের ডিটেইল ডিজাইন ও ভূমি অধিগ্রহণের কাজ চলছে।

মেট্রো পুলিশ গঠনের পরিকল্পনা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেছে। বর্তমানে এটা মন্ত্রিপরিষদ বিভাগের অনুমোদনের অপেক্ষায় রযেছে। ৩৫৭টি পদ অনুমোদন পাচ্ছে।

উত্তরার দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটারের এমআরটি-৬ লাইনের নির্মাণকাজ শুরু হয়েছিল ২০১৬ সালে।