রেল খাতে বিনিয়োগে আগ্রহী সুইজারল্যান্ড

বাংলাদেশ রেলওয়েতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে সুইজারল্যান্ড। রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে সাক্ষাৎকালে দেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড এই আগ্রহ প্রকাশ করেন। গতকাল বৃহস্পতিবার রেলভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘বাংলাদেশ রেলওয়েকে ঢেলে সাজানো হচ্ছে। কারখানাগুলোকে আধুনিক করা হচ্ছে, নতুন ইঞ্জিন এবং কোচ আনা হচ্ছে, স্টেশনগুলোকে সংস্কার করা হচ্ছে। একটি ভারসাম্যপূর্ণ যোগাযোগমাধ্যম হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী ২০১১ সালে আলাদা মন্ত্রণালয় গঠন করে দিয়েছেন। তখন থেকেই রেল খাতের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ’

ইউরোপের প্রযুক্তি দেশের রেলওয়েতে কাজে লাগানোর আশা ব্যক্ত করে সুজন বলেন, ‘গত সপ্তাহেই ইউরোপের জার্মানি, ফ্রান্স ও স্পেন ভ্রমণ করে এসেছি। সুইজারল্যান্ড আমাদের দেশে প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করতে পারে। সে ক্ষেত্রে উভয় দেশ একটি সমঝোতা স্মারক সই করে ক্ষেত্রগুলো চিহ্নিত করে এগিয়ে যেতে পারবে।’