চেয়ারম্যান পদে ২ ইউপিতেই স্বামী-স্ত্রীসহ ৩৭ জনের মনোনয়ন দাখিল

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ ইউনিয়নের দুইটিতে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীসহ মোট ৩৭ জন মনোনয়ন দাখিল করেছেন। তা ছাড়া ৯ ইউনিয়নের ২৭টি সংরক্ষিত নারী সদস্য পদে ১০৬ জন ও ৮১ টি সাধারণ সদস্য পদে ৩৩৩ জন মনোনয়ন দাখিল করেছেন।

বৃহস্পতিবার দিনব্যাপী কমলগঞ্জ উপজেলা প্রশাসনিক এলাকায় সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের কার্যালয়ে এ মনোনয়নপত্র দাখিল করা হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদারের কার্যালয়ে সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া স্বতন্ত্র এবং তার স্ত্রী মৌরীন কিবরিয়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দেন।

একইদিনে উপজেলা বিআরডিবি কার্যালয়ে কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আহসান ইকবালের কাছে শমসেরনগর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান জুয়েল আহমেদ ও তার স্ত্রী তানিয়া তারিন মনোনয়নপত্র দাখিল করেন।

অন্যদিকে কমলগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার সাইফুল ইসলাম তালুকদারের কার্যালয়ে ইসলামপুর ইউনিয়নে দুই সহোদর বর্তমান চেয়ারম্যান আব্দুল হান্নান স্বতন্ত্র হিসেবে ও আওয়ামী লীগ মনোনীত তার ছোট ভাই সুলেমান মিয়া চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেন।

কমলগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, ৯ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত ৯ জন প্রার্থীর সঙ্গে বাকিরা স্বতন্ত্র হিসেবে মোট ৩৭ জন চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন।

আওয়ামী লীগের মনোনীত ৯ জন চেয়ারম্যান প্রার্থী হলেন- ইফতেখার আহমেদ বদরুল, তওফিক আহমেদ, রনেন্দু ভট্টাচার্য, আব্দুল মালিক বাবুল, আব্দুল হান্নান, ফজলুল হক, সাব্বির আহমেদ ভূঁইয়া, আসিদ আলী ও সুলেমান মিয়া। বাকিরা সবাই স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা করেছেন।

তিনি বলেন, ৯ ইউনিয়নের ৮১টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩৩৩ জন ও ২৭টি সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০৬ জন মনোনয়ন দাখিল করেন। গত বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে কঠোর নিরাপত্তার মধ্যে নির্বাচনী আচরণবিধি মেনে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা মনোনয়নপত্র জমা দেন।

কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা জনী খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার ও কুলাউড়া নির্বাচন কর্মকর্তা আহসান ইকবাল রিটার্নিং কর্মকর্তা হিসেবে সকল প্রার্থীদের মনোনয়ন পত্র গ্রহণ করেন।

উল্লেখ্য, এ নির্বাচনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই আগামী ১২ ডিসেম্বর, প্রত্যাহার ১৯ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ২০ ডিসেম্বর এবং ভোট গ্রহণ আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।