ইভ্যালি মামলা: মিথিলা জানালেন কোনো লিগ্যাল নোটিশ পাননি

ইভ্যালি কাণ্ডে সম্প্রতি জনপ্রিয় অভিনেতা ও কণ্ঠশিল্পী তাহসান খান, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়াসহ ৯ জনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। সাদ স্যাম রহমান নামে ইভ্যালির এক গ্রাহক গত ৪ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন বলে জানা যায়। মামলার তদন্তের নথি সম্প্রতি রাজধানীর ধানমন্ডি থানায় এসেছে। শোনা যাচ্ছে, এই মামলায় গ্রেপ্তার হতে পারেন ওই তিন তারকা।

মিথিলা প্রতিষ্ঠানটির সঙ্গে ‘ফেস অব ইভ্যালি লাইফস্টাইল’ হিসেবে যুক্ত ছিলেন। এই মামলার বিষয়ে মিথিলা বলেন, ‘আমি এখনো কোনো লিগ্যাল নোটিশ পাইনি। সুতরাং, এই বিষয়ে কিছুই জানি না।’

মিথিলা আরও বলেন, ‘ইভ্যালির কারণে আমি নিজেও ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এর কারণে আমার এত বড় সুনাম নষ্ট হলো।’

মিথিলা এর আগে জানিয়েছিলেন, তিনি ইভ্যালিতে শুভেচ্ছাদূত হিসেবে যোগ দেন গত ১৫ মে। ওই দিন তাহসানসহ ইভ্যালির একটি বিশেষ লাইভেও অংশ নেন তিনি। এর দুই মাস পর তিনি চুক্তি বাতিল করেন।

ইভ্যালির সঙ্গে না থাকার বিষয়টি নিশ্চিত করে মিথিলা বলেছিলেন, ‌‘আমি জয়েন করার দুই মাসের মধ্যে দেখি নানা জটিলতা। আগে তো এতো কিছু টের পাইনি। তবে আমি চাই না এই সময়ে ইভ্যালি রিলেটেড কোনো খবরে আসতে। আমার আরও অনেক কাজ আছে, সেগুলো নিয়েই এখন ব্যস্ত।’

উল্লেখ্য, মামলার অন্য আসামিরা হলেন- গ্রেপ্তার হওয়া ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল, তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন, আকাশ, আরিফ, তাহের ও মো. আবু তাইশ কায়েস।

সাদ স্যাম রহমান তার অভিযোগে উল্লেখ করেন, প্রতারণামূলকভাবে গ্রাহকদের টাকা আত্মসাৎ ও সহায়তা করা হয়েছে। আত্মসাতে টাকার পরিমাণ ৩ লাখ ১৮ হাজার টাকা, যা তিনি এখনো উদ্ধার করতে পারেননি।