ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামে বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে দু-গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ভগবাননগরের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে সাউন্ডবক্সে উচ্চস্বরে গান বাজানো হচ্ছিল। এ সময় প্রতিবেশী ফিরোজ হোসেন নিষেধ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এর জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।