সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাইফুল ইসলামের বিরুদ্ধে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী এক স্বতন্ত্র প্রার্থী।
গত বৃহস্পতিবার বিকেলে ঘোড়া প্রতীকের প্রার্থী ঠুনিয়া স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও কৈজুরি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোয়াজ্জেম হোসেন খোকন প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দেন।
গতকাল শুক্রবার খোকন অভিযোগ করেন, ‘গত ৮ ডিসেম্বর বিকেলে হাটপাচিল বাজারে নির্বাচনী পথসভা করেন নৌকার প্রার্থী সাইফুল ইসলাম। সেখানে তিনি মুখে ও মাথায় কালো কাপড় বাঁধা ১০ সন্ত্রাসীবেষ্টিত হয়ে বক্তব্য রাখেন। বক্তব্যে এ সময় তিনি বলেন নৌকায় ভোট না দিলে নির্বাচনের পর কারও বাড়িতে গরু-ছাগল কিছুই থাকবে না। শান্তিতে বাস করতে চাইলে আগামী ২৬ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দেবেন। নৌকা প্রতীকে যারা ভোট দেবেন না, তাদের কেন্দ্রে যাওয়ার কোনো দরকার নেই।’ ফলে এ ইউনিয়নে সুষ্ঠু ভোট নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।’
এ বিষয়ে নৌকার প্রার্থী সাইফুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তবে ওই সভায় বক্তব্য দেওয়া শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী বলেন, ‘প্রচারসভায় কালো কাপড় পরার ক্ষেত্রে আইনি কোনো বাধা আছে না কি? অবশ্য আমি বক্তব্য দেওয়ার সময় সামনে তাকিয়ে ছিলাম। পেছনে কারা ছিল তা আমি জানি না। ষড়যন্ত্রের অংশ হিসেবে স্বতন্ত্র প্রার্থী এ অভিযোগ করছেন।’
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা (কৈজুরি ও জালালপুর) ও শাহজাদপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক বলেন, ‘নির্বাচনী প্রচারে কালো কাপড় মুখে বাঁধা ছবিগুলো আমি দেখেছি। এরপর নৌকার প্রার্থীকে সতর্ক করা হয়েছে।’