সুপ্রিম কোর্ট দিবস

রাষ্ট্রপতিকে আমন্ত্রণ প্রধান বিচারপতির

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে উচ্চ আদালতের বিচারপতিদের একটি প্রতিনিধিদল। গতকাল শুক্রবার বিকেলে বিচারপতিদের প্রতিনিধিদলটি বঙ্গভবনে যায়। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

প্রেস সচিব আরও বলেন, রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং করোনাভাইরাস মহামারীকালে ভার্চুয়াল পদ্ধতিতে বিচার কার্যক্রম চালু রাখায় প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান। রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন আগামীতেও এ ধরনের পরিস্থিতিতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে ‘১৮ ডিসেম্বর’ সুপ্রিম কোর্ট দিবস হিসেবে পালিত হয়ে আসছে।