বিজেপি-শাসিত আহমেদাবাদ পৌরসভাকে ভর্ৎসনা করলেন গুজরাট হাই কোর্টের বিচারপতি বীরেন বৈষ্ণব। তিনি বললেন, ‘আমি কী খাব, সেটাও কি পৌরসভা ঠিক করে দেবে?’
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, আহমেদাবাদ, জুনাগড়, বডোদরা, সুরাট-সহ গুজরাটের একাধিক বিজেপি-শাসিত পৌরসভা নভেম্বরে রাস্তার ধারের আমিষ খাবারের স্টল নিয়ে বিজ্ঞপ্তি জারি করে। তা নিয়েই বিচারকের বিরক্তি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাস্তায় আমিষ খাবার হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। এও বলা হয়, এই ধরনের খাবার থেকে ওঠা ধোঁয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ! রাজকোটের মেয়র বলেন, আমিষ খাবারের গাড়ি ধর্মীয় ভাবাবেগকে আঘাত করে।
তারপরই বিভিন্ন পৌরসভা রাস্তার ধারে আমিষ খাবারের গাড়ি বাজেয়াপ্ত করে। আহমেদাবাদ পৌরসভা এ রকম ২৫টি গাড়ি বাজেয়াপ্ত করলে সেগুলোর মালিক আদালতের দ্বারস্থ হন।
সেই মামলাতেই বিচারপতি বৈষ্ণব পৌরসভার আইনজীবীকে তীব্র ভর্ৎসনা করে বলেন, ‘আমি বাইরে কী খাব, সেটা কি আপনারা ঠিক করবেন? কাল আপনারা ঠিক করবেন, আমি বাড়িতে কী খাব? কাল আপনারা বলবেন, আমার আখের রস খাওয়া উচিত নয়, কারণ আমার ডায়াবিটিস হতে পারে! বা কফি স্বাস্থ্যের পক্ষে খারাপ!’
একই সঙ্গে পৌরসভাকে ২৪ ঘণ্টার মধ্যে বাজেয়াপ্ত গাড়ি ফেরত দিতে নির্দেশ দেয় আদালত।
ভারতের কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই জনগণের খাদ্যাভ্যাস বদলের জন্য গত সাত বছরে একাধিকবার সক্রিয় হয়েছে বিজেপি ও অন্য হিন্দুত্ববাদী সংগঠনগুলো। তা নিয়ে নানা সময় প্রতিবাদ যেমন হয়েছে, তেমনই ‘নির্দেশ’ না মানায় হামলা, গণপিটুনির ঘটনাও ঘটেছে বিজেপি-শাসিত রাজ্যগুলোতে। গরুর মাংস নিয়ে একাধিকবার রোষে পড়ে মুসলিমরা, বেশ কয়েকটি গণপিটুনিতে মারাও যান।