ময়মনসিংহে মসজিদ কমিটির দ্বন্দ্বে ২ ভাইকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের সদর উপজেলার চর সিরতা নয়াপাড়া গ্রামে মসজিদ কমিটি নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বে দুই ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় অপর ভাই মারা যান।

শুক্রবার দুপুরে চরসিরতা ইউনিয়নের নয়াপড়া গ্রামে হামলার ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- নয়াপাড়া গ্রামের আলী আকবরের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও শফিকুল ইসলাম (২৬)।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, সম্প্রতি স্থানীয় একটি মসজিদ কমিটি ও মসজিদের জমি নিয়ে স্থানীয় হাসেম গ্রুপ ও মজিদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক সালিশ-বৈঠক হয়েছে।

ঘটনার দিন শুক্রবার আবারও সালিশ হওয়ার কথা ছিল।

কিন্তু শুক্রবার ঘটনার সময় মজিদ গ্রুপের আকবর আলী ও তার দুই ছেলে রফিকুল ও শফিকুল সিরতা ছানুর মোড়ে অবস্থান করলে আবুল হাসেমের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মজিদ গ্রুপের উপর হামলা চালায়।

এ সময় রফিকুল, তার ভাই শফিকুল ও তাদের বাবা আকবর আলীকে রড ও লাঠি পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রফিকুল ইসলাম মারা যান।

আহত শফিকুল ও বাবা আকবর আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতে শফিকুলের অবস্থার অবনতি হলে রাতেই তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পর মারা যান শফিকুল।

ওসি শাহ কামাল আকন্দ আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা দায়ের না হলেও পুলিশ রুবেল ও মমতাজ নামে দুইজনকে আটক করেছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।