দেশবরেণ্য পরিচালক কাজী হায়াৎ অসুস্থ হয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে চিকিৎসা নিয়ে শুক্রবার বাসায় ফিরেছেন তিনি। জানালেন আপাতত শঙ্কামুক্ত তিনি।
কাজী হায়াত বলেন, ‘আমি হাসপাতাল থেকে গতকাল শুক্রবার বাসায় এসেছি। ডাক্তাররা বলেছেন ওপেন হার্ট সার্জারি করতে হবে। খুব তাড়াতাড়ি করাতে হবে, যা আমি ২০০৫ সালে একবার করে ছিলাম। এরপর দেশের বাইরে থেকে হার্টে রিংও পরিয়েছিলাম। কিন্তু বর্তমানে আবারও ব্লক ধরা পড়েছে। তাই আবারও ওপেন হার্ট সার্জারি করতে হবে।’
কাজী হায়াৎ বলেন, ‘আমি দেশেই ওপেন হার্ট সার্জারি করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। এই মাসের শেষ দিকে। যে ডাক্তার ওপেন হার্ট সার্জারি করাবেন কয়েক দিনের জন্য তিনি দেশের বাইরে গেছেন জরুরি প্রয়োজনে। তাই একটু সময় লাগবে।’
এর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাজী হায়াৎ। বৃহস্পতিবার তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়ে ছিল।
কাজী হায়াত বর্তমানে নির্মাণ করছেন ‘জয় বাংলা’ নামের একটি সিনেমা। এর বেশ কিছু অংশের শুটিংও করেছেন। সরকারি অনুদানের ছবিটি তিনি আগামী বছরই মুক্তি দিতে চান। এ সিনেমায় জুটি হয়ে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু।