রাজধানীর ধানমন্ডিতে এক প্রবাসীর ফাঁকা বাসায় জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এসব তথ্য জানিয়েছেন।
রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা উদ্যান এলাকা থেকে শুক্রবার রাতে তাদের গ্রেপ্তার করে র্যাব-২। এরা হচ্ছে- নাসির শেখ (২৫), মো. ফরহাদ (২৯), মো. সেলিম (২৬) ও মো. আজাদ (৩৮)।
কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে চুরির কাজে ব্যবহৃত ২টি দেশীয় অস্ত্র, ৪টি মোবাইল, ২টি পরিধেয় বস্ত্র, নগদ চার হাজার ৮শ টাকা এবং বাসা থেকে লুণ্ঠিত গলিত স্বর্ণের বার ও ৪টি অলংকার উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গত ৭ ডিসেম্বর রাতে ধানমন্ডির একটি বাসার জানালার গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে চুরির ঘটনা ঘটে। এ সময় চোর দলের সদস্যরা বাসার ভেতরে আলমারি, ওয়ারড্রপ ইত্যাদি ভাঙচুর করে এবং প্রায় ২০ ভরি স্বর্ণালংকার এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, চুরির ঘটনাটি প্রবাসে অবস্থানরত বাড়ির মালিক সিসি ক্যামেরার মাধ্যমে দেখতে পান এবং পরবর্তীতে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্ব সহকারে প্রচার করলে আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই র্যাব-২ রাজধানীর মোহাম্মদপুর ও ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করে।