নিরাপদ সড়কের জন্য ১১ দফা দাবি বাস্তবায়নে সরকারকে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে শিক্ষার্থীরা। এ সময় পর্যন্ত আন্দোলন স্থগিত রাখারও ঘোষণা দিয়েছে তারা।
গতকাল শনিবার বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজে অবস্থান সমাবেশ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সোহাগী সামিয়া এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমরা আমাদের ১১ দফা প্রশাসনের কাছে তুলে ধরেছি। ডিসেম্বরের মধ্যে এ বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ না নিলে নতুন বছরে আমরা জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন বেগবান করব।’
শিক্ষার্থীদের এ আন্দোলনে গতকাল শিক্ষক, অভিভাবক ও শ্রমিকরা সংহতি জানান। কর্মসূচিতে অংশ নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘প্রধানমন্ত্রী কোনো কথা বললে সঙ্গে সঙ্গে বাস্তবায়ন হয়। অথচ পরিবহন ও জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তার কোনো কথা বাস্তবায়ন হতে দেখা যায় না।’
অবস্থান সমাবেশে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী, শিক্ষিকা নাজনীন আক্তার শারমিন, রাইড শেয়ার অ্যান্ড সার্ভিস ডেলিভারি ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের রিয়াজ মাহমুদ, ঢাকা জেলা ট্যাক্সি ট্যাক্স কার, অটো ট্যাম্পু, অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়নের রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।