দিনাজপুরে স্বামীর সঙ্গে ঝগড়া করে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৯টায় দিনাজপুর শহরের ষষ্ঠিতলা রেল কলোনিতে পঞ্চগড়গামী কাঞ্চন কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন বিলকিস বেগম (৩৫) নামের ওই নারী। এই ঘটনায় তার স্বামী আলম মিয়াকে আটক করা হয়েছে।
দিনাজপুর জিআরপি থানার ওসি এরশাদুল হক ভুইয়া জানান, সকালে স্বামী আলম মিয়ার সঙ্গে পারিবারিক কলহ শুরু হয়। এরপর বিলকিস বেগম বাড়ির পাশে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। আমরা স্বামী আলম মিয়াকে আটক করে থানায় নিয়ে আসি। এ ছাড়াও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নিহতের বড় ভাই নাসিম বাদী হয়ে একটি হত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন।