ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় সজিব বিশ্বাস (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার রাত দশটার দিকে মহাসড়কের ধেরুয়া এলাকায় মাছরাঙ্গা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় অনিক ও মহাদেব নামে আরও দুইজন আহত হয়েছেন। তাদের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সজিব মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের গন্ধব্যপাড়া গ্রামের সুধির বিশ্বাসের ছেলে।
আহত মহাদেব জানান, তারা তিনজন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। পথিমধ্যে ধেরুয়া এলাকায় পৌঁছালে মাছরাঙ্গা ফিলিং স্টেশন থেকে একটি ট্রাক মহাসড়কে উঠছিল। এ সময় সজিব মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চাপা পড়ে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তিনজনকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে।
কুমুদিনী হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মাসুদুর রহমান জানান, আহত তিনজনের মধ্যে দুইজন সুস্থ আছেন। এবং একজন মারা গেছেন।
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।