ফের নেপালের দায়িত্বে কোচ দেশনায়েকে

পুনরায় নেপাল জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন পুবুদু দেশনায়েকে। শনিবার এক বোর্ড সভা শেষে এই ঘোষণা দেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল।

গত সেপ্টেম্বরে ওমানে নেপালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ অভিযান শেষে চাকরি ছাড়েন কোচ ডেভ হোয়াটমোর। সেই খালি পদেই পুনরায় নিয়োগ পেলেন দেশনায়েকে।  

গত কয়েক বছর ধরে আইসিসির সহযোগী দেশের কোচ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। ২০০৭ থেকে ২০১১ পর্যন্ত তিনি কানাডার কোচ ছিলেন।

শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দলের হয়ে মাত্র এক বছর খেলেছেন দেশনায়েকে। এরপর খেলোয়াড় হিসেবে কানাডায় আসেন তিনি। দেশটির জাতীয় দলের জার্সিতেও দেখা গেছে তাকে। পরে নেপালের কোচ হিসেবে দায়িত্ব নেন ৫১ বছর বয়সী এই কোচ।

প্রথম দফায় নেপালের সঙ্গে ২০১১-২০১৬ পর্যন্ত কাজ করেন দেশনায়েকে। তার অধীনে চতুর্থ বিভাগ থেকে বিশ্ব ক্রিকেট লিগের (ডব্লিউসিএল) প্রথম বিভাগ, ডব্লিউসিএল চ্যাম্পিয়নশিপ এবং ২০১৪ সালে প্রথম বিশ্বকাপে খেলে নেপাল।