মুরাদনগরে ঘরে আগুন লেগে ঘুমন্ত কিশোরের মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে ঘরে আগুন লেগে ঘুমন্ত অবস্থায় মুজাহিদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার আনুমানিক রাত ১২টায় বাঙ্গরা বাজার থানাধীন টনকী পশ্চিম পাড়া বড় বাড়িতে ওই অগ্নিকাণ্ড ঘটে।

তিনি উপজেলার টনকী গ্রামের প্রবাসী ইব্রাহিম মিয়ার ছেলে এবং টনকী হানিফ সরকার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

 জানা যায়, নিহতের বাবা ইব্রাহিম মিয়া সৌদি আরবে থাকেন। ঘটনার আগের দিন মুজাহিদকে বাসায় রেখে তার মা রফিয়া বেগম বাবার বাড়িতে যান।

শনিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে হঠাৎ তাদের ঘরে আগুনের লেলিহান শিখা দেখে এক প্রতিবেশী। তার শোর-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে এবং ফায়ার সার্ভিসকে খবর  দেয়।

ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর আগেই ঘরের মধ্যে একা ঘুমিয়ে থাকা মুজাহিদ ও পুরো ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘরের আসবাবপত্রসহ অন্যান্য মালামাল পুড়ে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে।

 মুরাদনগর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নুরুল হুদা নয়ন বলেন, আধা ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। এ সময় আগুনের ধ্বংসাবশেষ থেকে একটি লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশ বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশনায় আগুনে পুড়ে যাওয়া নিহতের পরিবারকে পঁচিশ হাজার টাকা প্রদান করেছি।’