বসের ওপর রাগ করে অফিসে আগুন নারীকর্মীর

বসের ওপর রাগ করে অফিসে আগুন দিয়েছেন এক নারীকর্মী। এতে কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। অ্যান শ্রিয়া (৩৮) নামে ওই কর্মীকে আটকের পর পুলিশ আগুন দেয়ার ঘটনায় এমন তথ্য পেয়েছেন।

থাইল্যান্ডের নাখোন পাথোম প্রদেশে তেলের ডিপোয় আগুন দেয়ার ঘটনাটি ঘটেছে গত সপ্তাহে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪০টি দল কাজ করেছে।

জানা গেছে, অ্যান শ্রিয়া দীর্ঘদিন ধরেই তার বসের ওপর রাগান্বিত ছিলেন। প্রত্যহ বসের ধমক আর বকুনির চোটে তার মেজাজ বিগড়ে গিয়েছিল। আগুন দেয়ার দিনেও সকালে অফিসে ঢুকতেই বসের ধমক শুনে মনটা খিঁচড়ে গিয়েছিল। দুপুরের বিশ্রামের পর কাজে ফিরে ফের এক দফা ধমক। তাতেই ধৈর্যহারা হয়ে আগুন দেন তিনি।

ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি কাগজের টুকরো হাতে ধরে তেলের গুদামের দিকে এগিয়ে যাচ্ছেন শ্রিয়া। তার কিছুক্ষণের মধ্যেই তাকে অবসন্ন অবস্থায় হাঁটতে হাঁটতে ফিরে আসতে দেখা যায়। মিনিট দুয়েকের মধ্যেই কানফাটা বিস্ফোরণ আর আগুনের লেলিহান শিখা। আগুনের দাপট এমনই যে, গোটা প্রদেশ থেকে আকাশে তাকালেই দেখা যাচ্ছিল দাউ দাউ আগুন।

পুলিশ শ্রিয়াকে গ্রেপ্তার করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে এসেছে আসল ঘটনা। শ্রিয়া জানান, রাগের বশে কাগজে আগুন ধরিয়ে তা তিনি ছুড়ে দেন তেলের ডিপোর ওপর। তার পর যা হওয়ার তা হয়!