পরিকল্পনামন্ত্রীকে জাহাঙ্গীরনগরের গেটে আটকে দিলেন নিরাপত্তা প্রহরীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে চিনতে না পারায় প্রবেশে বাধা দিয়েছেন নিরাপত্তা প্রহরীরা। তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশে ‘কড়াকড়ি’ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে এ ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এর আগে বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ে একটি সম্মেলনের উদ্বোধনী পর্বে অংশগ্রহণের জন্য মীর মশাররফ হোসেন হল সংলগ্ন ফটক দিয়ে গাড়িবহর নিয়ে ঢোকার চেষ্টা করেন পরিকল্পনা মন্ত্রী। কিন্তু ফটকের নিরাপত্তা প্রহরীরা তাকে ঢুকতে দেননি।

পরে তিনি বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা (প্রান্তিক) ফটকে গেলে তার পরিচয় ও বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অনুমতিপত্র আছে কি-না তা জানতে চান ফটকে দায়িত্বরত নিরাপত্তা প্রহরীরা। পরে নিজের পরিচয় দিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন।

দুপুর সোয়া ১২টায় জহির রায়হান মিলনায়তনের সামনে গাড়ি থেকে নেমে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা এত কড়া হবে কেন? এটা তো ক্যান্টনমেন্ট না, এটা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়।’

রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে শুরু হওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যান্ড হিস লিগ্যাসি শীর্ষক দুদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

তবে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সংশ্লিষ্টরা বলছেন, নিরাপত্তা কর্মীরা পরিকল্পনামন্ত্রীর গাড়ি চিনতে না পারায় এ সমস্যা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা জেফরুল হাসান চৌধুরি বলেন, আমরা মন্ত্রী মহোদয়কে রিসিভ করার জন্য প্রধান ফটকে উপস্থিত ছিলাম। কিন্তু তিনি জয় বাংলা গেট দিয়ে প্রবেশ করার কারণে এ সমস্যা হয়েছে।