শেখ জামালকে উড়িয়ে শেষ চারে বসুন্ধরা

প্রথমার্ধে প্রতিপক্ষকে রুখে দিলেও দ্বিতীয়ার্ধে ভেঙে পড়ল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিরোধ। একের পর এক গোল আদায় করল বসুন্ধরা কিংস। বড় জয়েই স্বাধীনতা কাপ ফুটবলের সেমিফাইনাল নিশ্চিত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

রবিবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আসরের চতুর্থ কোয়ার্টার ফাইনালে ৪-০ ব্যবধানে জয় তুলে নেয় কিংসরা।

৫৮ মিনিটে মতিন মিয়া কিংসের পক্ষে গোলমুখ খোলেন। এরপর ৭৩ ও ৮৩ মিনিটে জলের দেখা পান জোনাথন দি সিলভেইরা ফের্নান্দেস। যোগ করা সময়ে আলমগীর কবির রানা গোল করলে ৪-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় অস্কার ব্রুসনের দলের।

দিনের প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ শেখ রাসেল ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে সেমি ফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ এফসি। ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে কিংসের। অপর সেমিফাইনালে লড়বে আবাহনী লিমিটেড ও সাইফ স্পোর্টিং ক্লাব।