রাজধানীর বাস রুট রেশনালাইজেশন প্রোগ্রামের আওতায় কামরাঙ্গীরচরের ঘাটারচর থেকে কাঁচপুর রুটে পরীক্ষামূলকভাবে ১৫৭টি বাস চালানোর আগ্রহ দেখিয়েছেন ৮টি বাস কোম্পানি ও মালিকপক্ষ।
এর মধ্যে ১৫৭টি বাসের মধ্যে ট্রান্স সিলভার ৩৮টি, ইকবাল এন্টারপ্রাইজের ২টি, এমএল লাভলী পরিবহনের ৪টি, জাহান এন্টারপ্রাইজের ১০০টি, এইচআর পরিবহন সংস্থার ৫টি, রজনীগন্ধা পরিবহনের ১টি, মোস্তফা হেলাল কবিরের ৬টি এবং মোহাম্মদ অলিউল্লাহর ১টি বাস রয়েছে।
রবিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে। আগামী ২৬ ডিসেম্বর থেকে ওই রুটে বাস চলাচল শুরু হওয়ার কথা রয়েছে।
সূত্র জানায়, ওই রুটে বাস চালানোর আগ্রহ দেখিয়ে এসব কোম্পানি ও মালিকপক্ষ ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দিয়েছেন।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এরই মধ্যে ‘ঢাকা নগর পরিবহন’ নামে বাস চালানোর জন্য একটি খসড়া নির্দেশিকা তৈরি করেছে। এটি বাস মালিকদের মধ্যে চুক্তির জন্য যৌথ উদ্যোগের চুক্তির একটি খসড়াও প্রস্তুত করেছে।
এ বিষয়ে ডিটিসিএর একজন কর্মকর্তা বলেন, সবগুলো বাসের মালিকদের সমন্বয়ে গঠিত একটি ব্যবস্থাপনা কমিটির অধীনে চলাচল করবে এবং এটি পুরো অপারেশনের জন্য দায়ী থাকবে। তিনি বলেন, কমিটি ডিটিসিএকে প্রতিবেদন দেবে।
পাইলট রুটে প্রায় ৪০টি যাত্রী স্টপেজ এবং ১৬টি বাস-বে স্থাপন করা হবে। তবে উদ্বোধনের পর বাস-বে নির্মাণের কাজ শুরু হবে বলে জানান ডিএসসিসি কর্মকর্তা।
কোনো যাত্রীকে টিকিট ছাড়া বাসে উঠতে দেওয়া হবে না এবং নির্দিষ্ট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) রুট পারমিটের তথ্য অনুযায়ী, ঘাটারচর-কাঁচপুর হয়ে ১৩টি রুটে ৩৮২টি বাস চলাচল করে। পর্যায়ক্রমে সেখানে ১২০টি বাস সেখানে জায়গা নেবে।