খুলনায় বিএনপি নেতা মঞ্জু

প্যারাশুট দিয়ে নেতা পাঠিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব নয়

প্যারাশুট দিয়ে নেতা পাঠিয়ে খুলনা বিএনপির নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব নয় বলে দাবি করেছেন সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি থেকে বাদ পড়া খুলনা মহানগর বিএনপির সদ্য সাবেক সভাপতি ও দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু।

তিনি বলেন, খুলনা বিএনপি ৪৪ বছর ধরেই সমৃদ্ধ। সমৃদ্ধ এ বিএনপিতে হাত দিলে হাত পুড়ে যাবে। মূলত তাকে নেতৃত্ব থেকে সরাতেই ঢাকায় ষড়যন্ত্র করে অযোগ্যদের দিয়ে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আর এর মাধ্যমে খুলনা জেলা বিএনপিকে ভেঙে দু’ভাগ করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নজরুল ইসলাম মঞ্জু। ঘোষিত আংশিক আহ্বায়ক কমিটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট বজলার রহমান, জাফরউল্লাহ খান সাচ্চু, শেখ মোশাররফ হোসেন, আবদুল জলিল খান কালাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, এসএম আরিফুর রহমান মিঠু, আরিফুজ্জামান অপু, মেহেদী হাসান দীপু, কাউন্সিলর মাজেদা খাতুনসহ বিভিন্ন থানা এবং ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।

মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন, দল দেশের সব জায়গায় আহ্বায়ক কমিটি করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি করে দেবে। যিনি আজ অভিযোগ তুলছেন ষড়যন্ত্রের মাধ্যমে কমিটি হয়েছে, তিনি তো বাগেরহাট, সাতক্ষীরাসহ বিভাগের অন্যান্য জেলায় আহ্বায়ক কমিটি করে দিয়েছেন। আমার প্রশ্ন সেই কমিটিগুলো কি ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে?