দুদকের মামলা

পুুঠিয়া থানার সাবেক ওসি কারাগারে

রাজশাহীর পুঠিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল উদ্দিন আহমেদকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় গতকাল রবিবার সকালে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোসা. ইসমত আরা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেলা পুলিশের আদালত পরিদর্শক আব্দুর রফিক এ তথ্য জানিয়েছেন।

হাইকোর্টের নির্দেশনার পর গত ৮ ডিসেম্বর সকালে সাকিল এই আদালতে আত্মসমর্পণ করেন। সেদিন তিনি আইনজীবীর মাধ্যমে জামিনও চান। তবে মামলার মূল নথি না থাকায় আবেদনের শুনানি হয়নি। আদালত তাকে আবার গতকাল আদালতে হাজির হতে বলেছিলেন। সেই অনুযায়ী গতকাল তিনি আদালতে হাজির হলে কারাগারে পাঠানো হয়।

সাকিলের বিরুদ্ধে অভিযোগ, পুঠিয়া থানার ওসির দায়িত্বে থাকাকালে শ্রমিক নেতা নুরুল ইসলামের হত্যা মামলার এজাহার বদলেছিলেন তিনি।