শিক্ষাপ্রতিষ্ঠানে তামাকের প্রচারণা বন্ধের দাবি

ধূমপান ও তামাকজাত পণ্যের প্রচলন নিয়ন্ত্রণে যুবসমাজের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ে (জাবি) আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে এ আলোচনা সভা হয়। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম (বিসিসিপি) এবং জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় যৌথভাবে এ সভার আয়োজন করে।

অনুষ্ঠানে জাবির পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সভাপতি মো. তাজউদ্দীন সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আগ্রহ বেশি থাকে। ধূমপানও এমনই একটা বিষয়। ধূমপানের ক্ষতিকর দিক ভেবে এর থেকে বিরত থাকা উচিত।’

এ সময় দেশের মধ্যে জাবিকে প্রথম ধূমপানমুক্ত ক্যাম্পাস হিসেবে গড়ার দাবি জানায় পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ। বিভাগের সভাপতি তাজউদ্দীন সিকদার বলেন, ‘২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে ধূমপানমুক্ত করতে চান প্রধানমন্ত্রী। আমরা চাই, তার এই লক্ষ্যের বাস্তবায়ন এখান থেকে শুরু হোক।’