দুই উৎসবে প্রদর্শিত হচ্ছে দোজার চলচ্চিত্র ‘হাউসের ধুয়া’

ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইয়ুথ বাংলা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনে বিকেল ৫:১৫ মিনিটে প্রদর্শিত হবে রাসেল রানা দোজার প্রামাণ্য চলচ্চিত্র ‘হাউসের ধুয়া’। ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব  চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে এ প্রদর্শনী। ভারত, ইরান, জার্মানি, নেপালসহ বিভিন্ন দেশের ১৪টি পূর্ণদৈর্ঘ্য এবং ২২টি স্বল্পদৈর্ঘ্য সিনেমা প্রদর্শিত হবে উৎসবে।

এছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট নিবেদিত প্রাচীন লোকসংস্কৃতি অন্যতম একটি ধারা ধুয়া গানকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি বেঙ্গল ফাউন্ডেশনের ‘সৃজনে ও শেকড়ে’ শীর্ষক পাঁচ দিনব্যাপী এক সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনের চলচ্চিত্র প্রদর্শনীতেও প্রদর্শিত হবে। এই উৎসব শুরু হবে ১৪ ডিসেম্বর। চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

বাঙালির নিজস্ব সংস্কৃতির স্বরূপ সন্ধানের এই চলচ্চিত্রটি ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে দর্শক মহলে। পেয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃক আয়োজিত তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য  ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ চারটি ক্যাটাগরিতে (শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা, শ্রেষ্ঠ সম্পাদনা ও শ্রেষ্ঠ শব্দ পরিকল্পনা) পুরস্কার।