মুরাদের নামে ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন

সদ্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ময়মনসিংহে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান সম্পর্কে ফেসবুক লাইভে কুরুচিপূর্ণ, অশ্লীল বক্তব্যের অভিযোগ তুলে এই মামলার আবেদন করা হয়।

মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও আসামি করা হয়েছে ইউটিউবার মহিউদ্দিন হেলাল নাহিদকেও।

সোমবার সকালে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউল করিম চৌধুরী বাদী হয়ে এই মামলার আবেদন করেন।

সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহা. বজলুর রহমান মামলার আবেদন গ্রহণ করে আদেশের জন্য পরবর্তী তারিখ নির্ধারণের জন্য রেখে দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নুরুল হক।

এর আগে রবিবার মুরাদ হাসানের বিরুদ্ধে ঢাকা ও রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করা হয়। রাজশাহীতে মামলার আবেদন আজ খারিজ করে দেয় আদালত আর ঢাকার আবেদনটি শুনানির অপেক্ষায় রয়েছে।