সিরাজগঞ্জেও মুরাদের বিরুদ্ধে বিএনপি নেতার মামলার আবেদন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিরাজগঞ্জে ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে একটি মানহানি মামলা করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বাদী হয়ে সোমবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বিল্লাল হোসাইনের আদালতে এই মামলা করেন।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা জানান, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বিভিন্ন অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও বাজে মন্তব্য করেন। এতে তাদের পরিবারের মানহানি হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিরাজগঞ্জ সদর আমলি আদালতে একটি মানহানি মামলার আবেদন জমা দিয়েছেন।

 সিরাজগঞ্জ সদর আমলি আদালতের বিচারক মোহাম্মদ বিল্লাল হোসেন মামলাটি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।