বিএনপি নেতা আলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও বিএনপি নেতা মোসাদ্দিক জায়গীরদারসহ অজ্ঞাতনামা আরো ১০-১২ জনের বিরুদ্ধে খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার রাত সাড়ে ১০টায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম বাদী হয়ে খুলনা সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ অক্টোবর জাতীয়তাবাদী নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত ‘বাংলাদেশ ও শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক এক আলোচনা সভায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে বিভিন্ন ধরনের কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দেন। যা বিএনপির ইউটিউব চ্যানেলে আপলোড করে প্রচার করা হয়। সেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও তিনি কটূক্তিপূর্ণ বক্তব্য প্রদান করেন। যা সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার উপক্রম ঘটাতে পারে।

এ বিষয়ে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন, আসামি এ ধরনের বক্তব্য প্রদান করে জঘন্যতম অপরাধ করেছেন।

এ বিষয়ে তিনি মোয়াজ্জেম হোসেন আলাল ও বিএনপি নেতা মোসাদ্দিক জায়গীরদারসহ আরো অজ্ঞাতনাম ১০-১২ জনের বিরুদ্ধে খুলনা থানায় মামলা দায়ের করেছেন বলে জানান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার বিষয়টি স্বীকার করেন।